জেলা প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদমের কুরুকপাতার সমথংপাড়া এলাকায় ভাল্লুকের আক্রমণে এক বৃদ্ধ আহত হয়েছেন। রোববার (১৪ মার্চ) সকাল ৬টার দিকে বলাইপাড়া আর্মি ক্যাম্প থেকে দেড় কিলোমিটার উত্তর-পশ্চিমের একটি ঝিরিতে (পাহাড়ি ছড়া) এ ঘটনা ঘটে।
আহত ওই ব্যক্তির নাম ক্রইল মুরং (৭৬)। তিনি কুরুকপাতা ইউনিয়নের সমথংপাড়ার মৃত রেংহান ম্রোর ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, শনিবার রাতে সমথংপাড়ার পাশের একটি ঝিরিতে মাছ ধরার জন্য জাল পেঁতে আসেন বৃদ্ধ ক্রইল মুরং। রোববার সকালে মাছ সংগ্রহ করতে ঝিরিতে গেলে সেখানে ভাল্লুক তাকে আক্রমণ করে।
পরে স্থানীয়রা বলাইপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর সাড়ে ১২টায় সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রেরণ করা হয়।
বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার মো. জিয়াউল হক জানান, উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টারে করে আহত ব্যক্তিকে চট্টগ্রামে নেওয়া হয়।


