আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পানি উন্নয়ন বোর্ডেের অধীনে গত ২০২১/২০২২ অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় সরকারি টেন্ডারে কাজ পাই ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আমিন এন্ড কোং।
প্রতিষ্ঠানটি সরকারিভাবে সকল নিয়ম মাফিক কাজ পাওয়ার পর ভোলাহাট উপজেলার গুপিনাথপুর এলাকার মহানন্দা নদীর ডান তীরে কাজ শুরু করেন ঠিকাদার আকবর খান সোহেল ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিরা প্রতিবেদককে জানান, চলমান কাজের মধ্যে ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন বিভিন্নভাবে ঠিকাদার আকবর খান সোহেল কে অনিয়ম ও দুর্নীতি করার অভিযোগ এনে হয়রানি করতে থাকে। প্রকল্পের কাজ সরকারের নিয়ম মেনেই সঠিকভাবে পরিচালিত হচ্ছিল। কিন্তু ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ প্রতিষ্ঠানটির নিকট চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ার কারণে বিভিন্ন ব্যক্তিদের দিয়ে হয়রানি করতে থাকে। ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন প্রতিষ্ঠানটির কাছে একটি ফ্রেজার মোটরসাইকেল চাঁদা হিসেবে দাবি করছিলেন। কাজ চলাকালীন সময় তিনি সন্ত্রাসী বাহিনীকে নিয়ে প্রজেক্টে আসেন এবং শ্রমিকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করতে বলেন। তারা এও বলে যান চাঁদা না দিলে তোরা এখানে কাজ করতে পারবি না আমি বিভিন্নভাবে হয়রানি করতে থাকবো। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড প্রজেক্টের কাজ পরিদর্শন করেছেন এবং তাদের কর্মকর্তারা কোনো অনিয়ম বা দুর্নীতি পাইনি বলে জানান স্থানীয় লোকজন। তারা আরও বলেন, ভাইস চেয়ারম্যান অনিয়মের কোন প্রমাণ দিতে পারিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। তার সাথে থাকা আলী হায়দার নামে একজন কে দেখিয়ে বলেন ইনি একজন দুদক কর্মকর্তা, আমার সাথেই আছে। পরে স্থানীয়রা জানতে পারেন সে ভুয়া দুদক কর্মকর্তা। ঠিকাদার আকবরকে ভাইস চেয়ারম্যানের লোকজন মারতে চেয়েছিল কিন্তু এলাকাবাসী ভাইস চেয়ারম্যান কে বাঁধা দিলে শাহনাজ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে চলে যায়।
উভয়পক্ষের মধ্যে কথোপকথনের অডিও ও ভিডিও ক্লিপ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। অডিও ও ভিডিওতে শুনা যায়, ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন একটি ফ্রেজার মোটরসাইকেল ঠিকাদারের নিকট দাবী করেন।
অনুসন্ধানে আরোও জানা যায়, উক্ত ঘটনাকে কেন্দ্র করে ঠিকাদার আকবর খান সোহেল মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন এর বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেন। উক্ত চাঁদাবাজি মামলায় গত ০৯–০৩–২০২২ ইং তারিখ মহামান্য আদালত শাহনাজ খাতুন এর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন।
ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন মুঠোফোনে প্রতিবেদককে জানান, ঠিকাদার আকবর প্রজেক্টের কাজে অনিয়ম ও দুর্নীতি করেছেন। এগুলো করার কারণে আমি তাদের সতর্ক করি। তিনি বলেন, ভোলাহাট উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি ও ভোলাহাট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উন্নয়নের দুর্নীতি ও অনিয়মের কথা নিয়ে খুব শীঘ্রই আমি লাইভে আসবো। তাদের প্রতিটি দপ্তরে দুর্নীতির অভিযোগ দিবো। কাজের ডিজাইনের কোন ছুঁয়া লাগাইনি। সাইটের এসওকে দিয়েও তাঁকে হুমকি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন দুর্নীতির অভিযোগ করার কারণে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছে। এখানে যা অনিয়ম দুর্নীতি হয়েছে অবশ্যই আমি তা প্রমাণ করবো। প্রতিবেদক ঠিকাদার আকবরের কাছে একটি ফ্রেজার মোটরসাইকেল চাওয়ার বিষয়ে প্রশ্ন করলে প্রতিবেদককে তার সঠিক কোন তথ্য দেননি, বিষয়টি তিনি এড়িয়ে যাবার চেষ্টা করেন। আপনার কাছে যে ভিডিও ক্লিপটি আছে সেটি এডিটিং করা এবং মিথ্যা বলে জানান তিনি।
ঠিকাদার আকবর খান সোহেল জানান, আমি ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন এর সাথে আলোচনায় বসেছিলাম । তার কাছে আমি জানতে চাই আপনি আমার কাছে চাঁদা দাবি করছেন কেন জবাবে তিনি আমাকে বলেন, ওখানে কাজ করেছেন আবার আমার বাড়ির এখানে কাজ করছেন তাই আমাকে একটা ফ্রেজার গাড়ি দিতেই হবে। আপনারা এখানে অনিয়ম দুর্নীতি করে অনেক টাকা উপার্জন করেছেন, তাই আমাকে একটি ফ্রেজার গাড়ি উপহার দিতে হবে। আমি তাকে বলি আমি সঠিক ভাবে কাজ করছি কোন অনিয়ম বা দুর্নীতি করিনি। অনিয়ম–দুর্নীতি পেলে অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করত। এরপর উনি বলেন, আমাকে গাড়ী না দিলে আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ কেন সারা বাংলাদেশে ঠিকাদারি কাজ করতে দিবো না । আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোন ধারনা নেই। আমাকে টাকা না দিয়ে ভোলাহাটে কোন ঠিকাদার কাজ করতে পারেনা। উক্ত ঘটনার পর আমি মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন এর নামে একটা চাঁদাবাজি মামলা করি। সে তার ফেসবুক আইডি থেকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। যার ফলে আমার সম্মান ক্ষুন্ন হচ্ছে। প্রজেক্টের কাজ বর্তমানে চলমান আছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী
আব্দুর রহমান মুঠো ফোনে জানান, ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন আমার বিরুদ্ধে হুমকি দেওয়ার যে কথা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রজেক্টের কাজে যে অনিয়মের কথা তিনি তুলেছেন তা আমরা পাইনি এমনকি ভাইস চেয়ারম্যান শাহনাজও অনিয়ম বা দুর্নীতির প্রমাণ দিতে পারিনি আমাদের। উনি ডিজাইনের সম্পর্কে বলেছেন যে, ডিজাইন মোতাবেক কিছুই কাজ করা হয়নি। কিন্তু আমরা সরজমিন পরিদর্শন করে পাই, টেন্ডারে যে ডিজাইন ব্যবহার করতে বলা হয়েছে সেই ডিজাইন মোতাবেক কাজ করছে ঠিকাদার।
এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, মহামান্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট ইস্যু করেছেন। তিনি আরও জানান, ওয়ারেন্টের কপি হাতে পেয়েছি। আসামিকে গ্রেফতার করতে অভিযান শুরু করা হয়েছে।
উল্লেখ্যঃ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযােগের প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ ভােলাহাট উপজেলার জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সহ–সভাপতি মােসাঃ শাহনাজ খাতুন–কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। পরবর্তীতে সেই বহিস্কারাদেশ সমূহ প্রত্যাহার করে জাতীয়তাবাদী দল–বিএনপি।


