ভোলায় শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন

ভোলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মো. তৌফিক ই লাহী চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তারা।

সকাল সাড়ে ১০ টায় শেখ রাসেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি র‍্যালি বের হয়েছে। র‍্যালিটি ভোলার শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়েছে। র‍্যালী শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেক কাটা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সভায় ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শেখ রাসেলের মতো আর কোন শিশু যেন এমন নির্মমতার শিকার না হয় সেই প্রত্যাশা জানানো হয়েছে। সেই সঙ্গে সারা পৃথিবী যেন শিশুদের জন্য নিরাপদ বাসস্থান হয়ে গড়ে উঠে সেই কামনা করা হয়েছে।

উল্লেখ্য, ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শিশু রাসেলকেও হত্যা করেছিল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।