ভোলা নুরাবাদ দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

বিশেষ প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩জন পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) নুরাবাদ ইউপির নির্বাচনী গণসংযোগ নিয়ে নৌকা প্রার্থী মোস্তাফিজুর রহমান আনারস প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদেরকে উপর হামলা চালায়।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে নুরাবাদ বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকরা গণসংযোগ করছিল। এসময় নৌকা প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থকরা লাঠি-সোটা নিয়ে হামলা চালালে ঘটনার সূত্রপাত ঘটে। খবর পেয়ে আনোয়ারের সমর্থকরা ঘটনা স্থলে আসলে মোস্তাফিজ সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে আনোয়ার সমর্থকদের আহত করে।
মোস্তাফিজ সমর্থকরা দুলারহাট বাজারের প্রধান সড়কে অবস্থান নেয়। মোস্তাফিজের সমর্থকরা আনোয়ারের পার্টি অফিসসহ প্রায় ১০ টি মোটরসাইকেল ভাঙচুর এবং বাড়ি-ঘর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লুট-পাট করে। পরে প্রায় দুই ঘণ্টা ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশের ৩ সদস্য, আনোয়ারে অন্তত ৪৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জন চরফ্যাশন, ৩০ জন বরিশাল এবং ১০ জন ঢাকাতে এবং মোস্তাফিজের ২ জন লোক আহত হয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুলারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল, জসিম ও কনস্টেবল সোহাগ আহত হয়েছেন। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। নুরাবাদ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।