ইতিহাসের দরজায় কড়া নাড়ার রাত। একদিকে বিশ্বকাপের পুরোনো পথচেনা সুইজারল্যান্ড, অন্যদিকে নিজেদের মাটিতে নতুন ইতিহাস লেখার স্বপ্নে বিভোর কানাডা। দুই দলই দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে মাঠে নামবে। গোল ব্যবধানে এগিয়ে থাকা কানাডার সামনে সমীকরণ কিছুটা সহজ—জয় কিংবা ড্র, যেকোনো একটিই তাদের প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট এনে দিতে পারে।
স্বাগতিক কানাডার বিশ্বকাপ শুরুটা ছিল মিশ্র অনুভূতির। প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে থেমে গিয়েছিল তাদের যাত্রা। দ্বিতীয় ম্যাচে দেখা গেল সম্পূর্ণ অন্য এক কানাডাকে। কাতারের বিপক্ষে তারা ঝড় তুলেছিল। ৬-০ গোলের বড় ব্যবধানে জিতে তুলে নেয় নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয়।
সেই জয় ছিল রেকর্ডেরও গল্প। এক ম্যাচে ছয় গোল করে বিশ্বকাপে কোনো কনকাকাফ দলের সর্বোচ্চ গোলের নতুন নজির গড়ে কানাডা। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরে প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে পাঁচের বেশি গোল করার কীর্তিও তাদের নামের পাশে যুক্ত হয়। সেই রাত শেষ হয়েছিল উল্লাস আর বেদনার মিশেলে।
মাঠ ছাড়তে হয়েছিল কানাডার মাঝমাঠের প্রাণভোমরা ইসমাইল কোনেকে। কাতারের আসিম মাদিবোর ট্যাকলে গুরুতর চোটে তার পা ভেঙে যায়। বিশ্বকাপ শেষ হয়ে যায় ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের। যা কানাডার হৃদস্পন্দনের একটি অংশ হারানোর মতোই ক্ষতি। কানাডার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জনাথন ডেভিডের ভাষায়- ইসমাইল এই দলের জন্য সবকিছু। মুহূর্তটা কঠিন ছিল। কিন্তু আমাদের তার জন্যই শক্ত থাকতে হবে।
কোচ জেসি মার্শও লুকাননি সত্যিটা। তিনি বলেছেন, কোনের না থাকা দলকে দুর্বল করেছে। কোনে ছিলেন দলের অপ্রত্যাশিত শক্তি, এমন একজন, যে ম্যাচের গতিপথ বদলে দিতে পারত। তবে তার বিশ্বাস, বেঞ্চে বসে থাকা কেউ একজন সামনে এসে এই দায়িত্ব তুলে নেবে।
কাতারের বিপক্ষে কোনের বদলি হয়ে মাঠে নামা নাথান সালিবা গোল করেছিলেন। গোলের পর তিনি কোনের ৮ নম্বর জার্সি তুলে ধরেন, চুমু খান, আকাশের দিকে তাকান। সেই উদযাপন যেন গোলের নয়, এক সতীর্থের জন্য দাঁড়িয়ে যাওয়ার প্রতিজ্ঞা।
কানাডার আলফোনসো ডেভিস কি মাঠে ফিরবেন? অধিনায়ক এখনও এই বিশ্বকাপে মাঠে নামেননি। উরুর পেছনের পেশির চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ঠিকই, কিন্তু তাকে নিয়ে ঝুঁকি নেওয়া হবে কি না, সেটি ঠিক হবে ম্যাচের আগে। ডেভিস পুরোপুরি প্রস্তুত না হলে জেসি মার্শ হয়ত অপেক্ষার পথই বেছে নেবেন।
মাঝমাঠে আরও একটি দুশ্চিন্তার নাম স্টিফেন ইউস্তাকিও। দলের সহ-অধিনায়ক অনুশীলনের একটি সেশন মিস করেছেন। আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি, তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিষয়টি নজর কাড়ছে।
অন্যদিকে সুইজারল্যান্ড এসেছে অভিজ্ঞতার ভার নিয়ে। প্রথম ম্যাচে কাতারের সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৪–১ গোলে উড়িয়ে দিয়ে তারা ছন্দে ফিরেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা পাঁচ ম্যাচ অপরাজিত।
আরও বিস্ময়কর হলো, শেষ পাঁচ ম্যাচে প্রথমার্ধে তারা কোনো গোলই খায়নি। এই বিশ্বকাপে তাদের বিপক্ষে হওয়া দুটি গোলও এসেছে নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে।
তবে একটি পরিসংখ্যান সুইজারল্যান্ডের জন্য সতর্কবার্তা। দুই দল এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল। ২০০২ সালের ১৫ মে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কানাডা ৩–১ গোলে জিতেছিল। টমাস রাডজিনস্কির জোড়া গোল আর পল স্টালতেরির আরেকটি গোল সেই দিনকে কানাডার স্মরণীয় করে রেখেছে। সুইজারল্যান্ডের হয়ে একমাত্র গোল করেছিলেন ব্লেইস নকুফো।
এই ম্যাচে নজরে থাকবেন জনাথন ডেভিড, সাইল লারিন, আলফোনসো ডেভিস, স্টিফেন ইউস্তাকিও, নাথান সালিবা; অন্যদিকে সুইজারল্যান্ডের ভরসা গ্রানিত জাকা, মানুয়েল আকাঞ্জি, ব্রিল এম্বোলো এবং তাদের সুসংগঠিত মাঝমাঠ।
ভ্যাঙ্কুভারের আলোয় আজ এক দল লড়বে প্রথমবার ইতিহাস ছোঁয়ার জন্য, আরেক দল প্রমাণ করতে চাইবে অভিজ্ঞতা এখনও সবচেয়ে বড় শক্তি।


