স্পোর্টস ডেস্ক: আগের সপ্তাহে এইবারের কাছে ৩-০ গোলের লজ্জার হারে মুখে চুনকালি পড়েছিল রিয়াল মাদ্রিদের। সে সঙ্গে পয়েন্ট টেবিলে যে নিজেদের অবস্থানটাকে এগিয়ে আনার সুযোগ ছিল, সেটাও হারিয়ে ফেলেছিল তারা। তবে সান্তিয়াগো সোলারির শিষ্যরা গত সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের খুঁজে পেয়েছেন। এএস রোমার বিপক্ষে জয় দিয়ে আবারও ট্র্যাকে ফিরেছে তারা।
এবার নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার মত শক্তিশালী দলকে পেয়ে ঠিকই জয় তুলে নিয়েছে মাদ্রিদিস্তারা। ব্যবধান ২-০। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে ন্যুনতম একধাপ হলেও এগুতে পেরেছে লজ ব্লাঙ্কোজরা। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে মাদ্রিদ ছিল ৬ নম্বরে। এবার ভ্যালেন্সিয়াকে হারিয়ে মাদ্রিদের অর্জন ২৩ পয়েন্ট। একধাপ এগিয়ে তারা এখন অবস্থান করছে ৫ নম্বরে।
পয়েন্ট টেবিলে অনেকটা পিছনে থাকা ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ২-০ গোলে ম্যাচ জিতলেও অস্বস্তির মেঘ ঘোরাফেরা করছে রিয়ালের আকাশে। প্রতিপক্ষ আত্মঘাতী গোল করে পিছিয়ে না পড়লে জয়টা আরও কঠিন হতে পারতো রিয়ালের। শেষ বাঁশি বাজার সাত মিনিটে আগে স্কোরলাইন ২-০ করেন লুকাস। ভাগ্য সাথে না থাকলে এদিন অঘটনের মুখেও পড়তে পারত মাদ্রিদ জায়েন্টরা।
ম্যাচের ৮ মিনিটে কার্ভাহলের শট ক্লিয়ার করতে গিয়ে মাথা ঠেকিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ড্যানিয়েল ওয়াজ। ভ্যালেন্সিয়ার আত্মঘাতি এই গোলে লিড পায় রিয়াল। এরপর ২৯ মিনিটে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক নেতোর দুরন্ত সেভ। বেলের নিশ্চিত গোল কোনোমতে বাঁ-হাত দিয়ে ঠেকিয়ে প্রতিহত করেন নেতো। এক গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে রিয়াল।
দ্বিতীয়ার্ধে শুরুতে সমতা ফেরানোর সুযোগ পেলেও হাতছাড়া করে ভ্যালেন্সিয়া। ৫৩ মিনিটে বক্সের মধ্যে কুর্তোয়াকে একা পেয়েও ১০ গজ দূর থেকে বারের উপর দিয়ে বল উড়িয়ে দেন সান্তি মিনা। সহজ সুযোগে সেখানেই স্কোরলাইন ১-১ হওয়ার কথা। আক্রমণে ঝাঁঝ বাড়াতে বেলকে বসিয়ে মাঝমাঠের শক্তি বাড়াতে আসেনসিওকে মাঠে নামান রিয়াল কোচ সোলারি।
প্রতি আক্রমণে ঝড় তুলে রিয়াল ডিফেন্সকে ব্যস্ত রাখে ভ্যালেন্সিয়া। ৬৫ মিনিটে ফ্রি-কিকে বাড়ানো বলে পা ঠেকিয়ে পোস্টের উপর দিয়ে বল উড়িয়ে দেন গ্যাব্রিয়েল। আরও একবার ম্যাচে ফেরার সহজতম সুযোগ নষ্ট করে ভ্যালেন্সিয়া।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের সাত মিনিটে আগে রক্ষণের ভুলের সুযোগ নিয়ে বেনজেমার পাস থেকে বাঁ-পায়ে শটে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন লুকাস ভাসকুয়েজ। রিয়াল কোচের হটসিটে বসে এই নিয়ে সাত ম্যাচের ছটিতে জয় পেলেন সান্তিয়াগো সোলারি। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে রিয়াল। গোল পার্থক্যে এগিয়ে থাকায় একই পয়েন্ট নিয়ে চারে আলাভেস। ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সেভিয়া। এক পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে বার্সেলোনা।
অন্যদিকে এই নিয়ে স্প্যানিশ লিগে দশ ম্যাচে গোল পেলেন না গ্যারেথ বেল। গোলক্ষরায় ভুগছেন ওয়েলসের এই স্ট্রাইকার। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ জার্সি গায়ে ওঠার পর এই প্রথম এত খারাপ পারফরম্যান্স বেলের। যে কারণে এই ম্যাচেও ৬৩ মিনিটে বেলকে পরিবর্তন করেন কোচ সোলারি।


