নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মগবাজারের পেয়ারাবাগের একটি বাসায় ডা. জেহানুল আলিম (৫৫) নামে এক চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে স্বজনদের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ডা. জেহানুল স্বাস্থ্য অধিদফতরের প্রোগ্রাম ম্যানেজার ছিলেন। ১০ মাস আগে তাকে ওএসডি করা হয়।
সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মগবাজার পেয়ারাবাগের বাসায় এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত চিকিৎসক ডা. জেহানুলের গ্রামের বাড়ি পিরোজপুরে। মগবাজার পেয়ারাবাগ রেলগেট এলাকার ৫৮১ নম্বর বাসার চতুর্থ তলায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
জিহানুল আলিমের স্ত্রী ফারহানা আলিম ঢামেকে সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী স্ট্রোক করেছেন। আমি দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’
তবে জিহানুলের অন্য স্বজনদের বরাত দিয়ে পুলিশ বলছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার গলায় দাগ রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জানান, মগবাজার থেকে ডা. জিহানুল আলিমকে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফারহানা আলিম নিজেই তার স্বামীকে হাসপাতালে আনেন। তার গলায় দাগ রয়েছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


