মগবাজারে বিস্ফোরণে মিথেন গ্যাসের আলামত পাওয়া গেছে

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে নাশকতার আলামত পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, সেখানে মিথেন গ্যাসের আলামত পাওয়া গেছে।

সোমবার (২৮ জুন) সকালে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় আইজিপি ঘটনাস্থল ঘুরে ঘুরে দেখছেন। তার সঙ্গে আরও আছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান এ কে এম হাফিজ আক্তার প্রমুখ।

উল্লেখ্য, মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।