রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রাসেল (২৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১১ জনে।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, রাসেলের শরীরে ৯০ শতাংশ দগ্ধ ও শ্বাসনালি পুড়ে গিয়েছিল। তাকে প্রথমে এইচডিইউতে রাখা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বুধবার তাকে আইসিইউতে নেওয়া হয়। তার শরীরে কাটাছেঁড়ার ক্ষতও ছিল। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। বর্তমানে ইনস্টিটিউটে কালু নামে একজন ও ঢাকা মেডিকেলে আরও তিনজন চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে চিকিৎসাধীন আইসিইউতে নুরুন্নবীর মৃত্যু হয়। সকালে জাফর (৬১) নামে একজনকে ছাড়পত্র দেয় বার্ন ইনস্টিটিউট থেকে।


