রাজধানীর মগবাজারে গত রোববারের বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত ইমরান হোসেন (২৫) নামের আরেক ব্যক্তি মারা গেছেন।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ইমরান হোসেন মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন আজ বুধবার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাত জন। তাঁদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘ইমরান হোসেনের মতো আরও দুই গুরুতর আহত ব্যক্তি নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। তাদের অবস্থাও খুব খারাপ। সৃষ্টিকর্তা না চাইলে তাদের ফেরানো আমাদের জন্য মুশকিল।’


