ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে লুকা মডরিচের ঘনিষ্ঠ বন্ধু লুকাস ভাসকেস। আর এ ঘনিষ্ঠতার কারণেই প্রিয় বন্ধুর খবর জানেন তিনি। গ্রীষ্মের দলবদলে মডরিচ রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না বলে মনে করছেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার পর লুকা মডরিচের রিয়াল ছাড়ার গুঞ্জন উঠে। ক্রোয়েশিয়ান এ তারকাকে দলে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছে ইতালিয়ান সিরি’আর ক্লাব ইন্টার মিলান। রাশিয়া বিশ্বকাপে স্বপ্নের শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছে ক্রোয়েশিয়া। ফ্রান্সের বিপক্ষে ৪-২ ব্যবধানে হেরেছে মডরিচের নেতৃত্বাধীন ক্রোয়েশিয়া। তবে বিশ্বকাপের ফাইনালে তার দল হারলেও অসাধারণ পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরার পুরস্কার পান মডরিচ। ক্রোয়েশিয়ান অধিনায়কের ক্লাব পরিবর্তন না করার কথা জানিয়ে ভাসকেস বলেন, ‘আমরা শান্ত রয়েছি, সে আমাদের সঙ্গে রয়েছে এবং সন্দেহ নেই এখানেই চালিয়ে যাবেন। আপনি একজন ফুটবলার সম্পর্কে কখনোই সব কিছু জানবেন না কিন্তু লুকা মাদ্রিদের খেলোয়াড় এবং এভাবেই চালিয়ে যাবেন। আমি এমনটাই মনে করছি তবে আমি তার মনের খবর জানি না।’ মডরিচের প্রতি আশাবাদী জুলেন লোপেতেগাই বলেন, ‘সে অসাধারণ একজন খেলোয়াড় এবং প্রাক-মৌসুম ছুটি শেষে আমরা তার আগমনের অপেক্ষায় রয়েছি। আমরা আগামী ৮ আগস্ট কথা কথা বলার জন্য একমত হয়েছি। সে আমার পছন্দের একজন খেলোয়াড়। তাকে এখানে খেলেতে দেখলে আমরা খুশি হবো।’


