ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মড্রিচের প্রতি আগ্রহ দেখাচ্ছে ইন্টার মিলান। ইতালির ক্লাবটি লুকা মড্রিচের এজেন্টের সঙ্গে কথা চালাচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি মোটেও ভালো চোখে দেখেনি রিয়াল মাদ্রিদ। তাইতো গুঞ্জন থামাতে এগিয়ে এলেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাবটির প্রেসিডেন্ট ঘোষণা দিলেন, লুকা মড্রিচকে পেতে যেকোনো ক্লাবকে গুনতে হবে ৭৫০ মিলিয়ন ইউরো। সাফ জানিয়েছেন, ৭৫০ মিলিয়ন ইউরো থেকে এক ইউরোও কমও নেবে না রিয়াল মাদ্রিদ। রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লুকা মড্রিচ। বিশ্বকাপে তার পারফরম্যান্সও ছিল মনোমুগ্ধকর। বোঝাই যাচ্ছিল অর্থের ঝুলি নিয়ে বিশ্বকাপের পরপরই তার পেছনে ঘুরবে ক্লাবগুলো। ঠিক তাই হয়েছে। ইংলিশ ক্লাবগুলো তার প্রতি আগ্রহ তৈরি করে বিশ্বকাপের পরপরই। বিশেষ করে চেলসি তাকে নেওয়ার জন্য কথা চালায়। দেরীতে হলেও ইন্টার মিলান যোগ দেয় তাকে পাওয়ার রেসে। কিন্তু রিয়াল মাদ্রিদ যে ‘রিলিজ ক্লজ’ দিল তাতে মন ভাঙার কথা ইন্টার মিলানের। রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০১৬ সালের নভেম্বরে নতুন করে চুক্তি করেন মড্রিচ। নতুন চুক্তি ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত। এর আগে তাকে পেতে হলে ৭৫০ মিলিয়ন গুনতে হবে যেকোনো ক্লাবকে। পেরেজ বলেছেন,‘একটা উপায় আছে মড্রিচকে নেওয়ার কিংবা মড্রিচকে ছাড়ার। ৭৫০ মিলিয়ন ইউরো পেলে মড্রিচকে ছাড়ার সিদ্ধান্ত হতে পারে।’ মড্রিচ রিয়াল মাদ্রিদে বেশ ভালোই আছেন। ক্লাবের সতীর্থ এবং সমর্থকদের সঙ্গে তার সম্পর্ক দারুণ। স্প্যানিশ সুপার জায়ান্টদের হয়ে ইউয়েফা সুপার কাপে খেলতে আগামী সপ্তাহে দলে যোগ দেবেন মড্রিচ।


