মহামারি করোনা তাণ্ডবে বিধ্বস্ত সারা বিশ্ব। প্রতিদিন হু হু করে বিশ্বে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা মহামারীর কারণে মাঝপথেই স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পরিস্থিতি বিবেচনায় আবারও মাঠে গড়াতে যাচ্ছে এ টুর্নামেন্ট। ৯ জুন থেকে মাঠে গড়াবে লিগের বাকি অংশ। বৃহস্পতিবার (৩ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করে ১ জুন থেকে টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত নিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু পাকিস্তানে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় করাচি থেকে পিএসএল সরিয়ে নিতে পিসিবিকে চিঠি দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। ফলে করাচি থেকে পিএসএল সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়। ভেন্যু পরিবর্তন হলেও নির্ধারিত সময়ে শুরু করা যায়নি খেলা। ছিল ভিসা জটিলতাও। যার কারণে ক্রিকেটাররা নির্ধারিত সময়ের মধ্যে সেখানে পৌঁছতে না পারায় পিছিয়ে দেওয়া হয় দিনক্ষণ।
নতুন সূচি অনুযায়ী আগামী ৯ জুন থেকে শুরু হবে পিএসএলের ষষ্ঠ আসরের বাকি অংশ। যেখানে ১৬ দিনে অনুষ্ঠিত হবে মোট ২০টি ম্যাচ। ২৪ জুন পর্দা নামবে এবারের আসরের। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে।


