ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনলেও মাঠে নামার আগেই খেলোয়াড়দের ফিটনেস নিয়ে ভাবতে হচ্ছে তাদের।
ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সমস্যা থাকায় দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে পারবেন না লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। এ সমস্যার কারণে তাকে ৪৮ ঘন্টা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। মালিঙ্গার মতো একই সমস্যার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারেননি স্বাগতিক স্পিনার লাকশান সান্দাকান।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আগামীকাল গলে জিম্বাবুয়েকে স্বাগত জানাবে শ্রীলঙ্কা। ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছতে ৫ উইকেটে পিছিয়ে আছেন মালিঙ্গা। আর পাঁচ উইকেট হলেই মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাস ও সনাৎ জয়াসুরিয়ার পর চতুর্থ লঙ্কান বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলকে পা রাখবেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডের পর একটি টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। গলে দ্বিতীয় ওয়ানডের পর বাকি তিনটি ওয়ানডে ম্যাচ হবে হাম্বানটোটায়। আর একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।


