জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে বিধবা ভাতা ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের সদস্যদের আয়োজনে এই মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন শেষে ইউনিয়ন পরিষদের সদস্যরা সহ এলাকাবাসী দুর্নীতিমুক্ত ইউনিয়নের দাবিতে একটি বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস আলী, খোরশেদ আলী ও নারী সংরক্ষিত আসনের সদস্য কাজী পিয়ারা বেগম ছাড়াও এলাকাবাসীর পক্ষে কয়েকজন বক্তব্য দেন। তারা ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন।


