মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ঘিরে তিন স্তরের নিরাপত্তা

মানিকগঞ্জে আগামীকাল শনিবার বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে চলছে প্রস্তুতি।

সাজানো হচ্ছে মাঠ, তৈরি হচ্ছে বীরদের জন্য মঞ্চ, গড়া হয়েছে তোরণ। এতে অংশগ্রহণ করবেন ঢাকার পশ্চিমাঞ্চলের আড়াই হাজার বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যেরা। কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হবে মেলা। থাকছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকা পশ্চিমা অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলার আয়োজক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য বেনজীর আহমেদ জানিয়েছেন, স্বাধীনতার ৫০ বছর এবং জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মিলন মেলার আয়োজন করা হয়েছে।

কমিটির সদস্য মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন বলেন, ‘মিলন মেলা সফল করতে বেশ কয়েকটি উপ-কমিটি কাজ করছে। মেলায় ২১টি উপজেলা থেকে আড়াই হাজার মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যেরা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।’

মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এবং উদ্‌বোধক হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন।