মারা গেলেন ভারত ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অজিত

ক্রীড়া ডেস্ক : চলে গেলেন ভারত ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াড়েকর। ৭৭ বছর বয়সে বুধবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ওয়াড়েকর আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটসম্যান ও অসাধারণ স্লিপ ফিল্ডার ছিলেন। ১৯৬৬ থেকে ১৯৭৪ পর্যন্ত খেলেছেন ৩৭টি টেস্ট। করেছেন ২১১৩ রান। ১৪টি হাফ সেঞ্চুরির সঙ্গে আছে একটি সেঞ্চুরি। ১৯৬৭-৬৮ নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটনে করেছিলেন তার ১৪৩ রানের ম্যাচজয়ী সেঞ্চুরিটি। সেবারই প্রথমবারের মতো বিদেশের মাটিতে সিরিজ জিতেছিল ভারত। এ ছাড়া ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মাটিতে তার নেতৃত্বেই সিরিজ জিতেছিল ভারত, যা অবিস্মরণীয় হয়ে থাকবে। ১৯৯২ সালে তিনি ভারতের প্রথম অফিসিয়াল প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। যে দায়িত্বে ছিলেন চার বছর। ২০১১ সালে পান ভারতীয় ক্রিকেট বোর্ডের আজীবন সম্মাননা পুরস্কার।