আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দেশটিতে নতুন নিয়োগ পাওয়া পুলিশের মহাপরিদর্শক দাতুক সিরি মোহাম্মদ ফুজি হারুন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, গত ৪ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ার চারটি রাজ্যে পুলিশের সন্ত্রাসবাদবিরোধী ইউনিট অভিযান চালায়। কেলান্তান, কুয়ালামপুর,সেলাঙ্গর ও জহরে পরিচালিত এসব অভিযানে ১৯ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আটজন ফিলিপাইনের জঙ্গি সংগঠন আবু সায়েফের সদস্য। এছাড়া ১৯ জনের মধ্যে ১১জন বিদেশি এবং আটজন মালয়েশিয়ার নাগরিক।
গত ৪ জুলাই প্রথম অভিযানটি চালানো হয় শাহ আলম শহরে। এসময় এখান থেকে ২৫ বছরের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ নাম প্রকাশ না করলেও জানিয়েছে ওই তরুণ গোম্বাক এলাকার একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতো।
দাতুক সিরি মোহাম্মদ ফুজি হারুন বলেন, ‘ধারণা করা হচ্ছে ওই তরুণ ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের সদস্য। গত বছরের ৪ সেপ্টেম্বর শিক্ষা ভিসায়ে সে মালয়েশিয়ায় প্রবেশ করে।’
গত ৭ ও ৯ আগস্ট জহর বারুতে অভিযান চালিয়ে এক মালয়েশীয় ও মালদ্বীপের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়।
ফুজি হারুন বলেন, ৪০ বছরের ওই মালয়েশীয়র কাছ থেকে আইএসের মুখপাত্র দাবিক সাময়িকীর ছয়টি সংখ্যা, আইএসের দাপ্তরিক চিঠি এবং আইএস সংশ্লিষ্ট কয়েকটি চিঠি তার মোবাইল ফোন থেকে উদ্ধার করা হয়েছে। মালদ্বীপের গ্রেপ্তারকৃত দুই নাগরিক এয়ার কন্ডিশনার মেরামতের কাজ করতো। সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দিতে যাওয়ার আগে তারা মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে চেয়েছিল।
গত ১১, ১৫ ও ১৬ আগস্ট অভিযান চালিয়ে ৬৩ বছরের এক মালয়েশীয়, এক ফিলিস্তিনি ও এক ইরাকিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২৫ পেটালিং জায়ায় অভিযান চালিয়ে দুই ইন্দোনেশীয় এবং ৩০ আগস্ট চেরাসে অভিযান চালিয়ে আবু সায়াফ গ্রুপের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।


