ক্রীড়া ডেস্ক : ফর্ম না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের স্কোয়াডে জায়গা পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দলে জায়গা না পেলেও ক্রিকেটের বাইরে নেই মিডলঅর্ডার এ ব্যাটসম্যান। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গিয়ে নিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছেন তিনি।
আজ মাহমুদউল্লার দল জ্যামাইকা তালাওয়াস ৬ উইকেটে হারিয়েছে সেন্ট লুসিয়া স্টারসকে। জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় জ্যামাইকা।
জ্যামাইকার জয়ের ম্যাচে আজ ব্যাট হাতে মাঠে নেমেছিলেন মাহমুদউল্লাহ। শেষদিকে নেমে ১ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশি এ মিডলঅর্ডার ব্যাটসম্যান।। জ্যামাইকার আজকের জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল অধিনায়ক কুমার সাঙ্গাকারার। চার মেরে দলকে জেতানো সাঙ্গা অপরাজিত ছিলেন ৭৪ রানে। দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন ম্যান্ডি ম্যাকার্থি। এছাড়া ২১ রান করেন গ্লেন ফিলিপস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শেন ওয়াটসনের ৪৫ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রান করে সেন্ট লুসিয়া। ৩ চার ও ৭ ছক্কায় এ ইনিংস সাজিয়েছিলেন ওয়াটসন। এছাড়া দলটির হয়ে চার্লস ২০ ও মাইরেস ১৩ রান করেন।
জ্যামাইকার হয়ে মাথুরিন ও সান্তোকি ২টি করে উইকেট নেন। তবে জ্যামাইকার হয়ে মাহমুদউল্লাহ বল হাতে নেননি।


