মাহমুদউল্লাহ ও শফিউল সাসেক্সে

ক্রীড়া ডেস্ক : শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামে। টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে। ইমরুল কায়েসের ৯২, মেহেদী হাসান মিরাজের ৬০* ও সাব্বির রহমানের ৫২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে।

জবাবে ৪০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮০ রানের বেশি করতে পারেনি সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। মজার ব্যাপার হল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের মাহমুদউল্লাহ রিয়াদ ও বোলার শফিউল ইসলাম সাসেক্সের হয়ে খেলেন।

বল হাতে শফিউল ইসলাম বাংলাদেশের বিপক্ষে ৭ ওভার বল করেন। ১ মেডেনসহ ৩৭ রান দিয়ে অবশ্য কোনো উইকেট পাননি তিনি।

এরপর ব্যাট হাতে মাহমুদউল্লাহ রিয়াদ ৪২ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩২ রান করে আউট হন। শফিউল ইসলাম ব্যাট হাতে মাঠে নেমে করেন ১৩ রান। ১৫ বলে খেলা তার এই ইনিংসে ১টি ছক্কার মার ছিল।