মিথ্যা বলার জন্য কোনো পুরস্কার থাকলে তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর পেতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদেরের বক্তব্য কৌতুকবোধ করি- মির্জা ফখরুলের এমন মন্তব্য প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় দু’টি বিষয় থাকে। এর একটি হচ্ছে- প্রচুর মিথ্যায় ভরপুর। তিনি অবলীলায় অত্যন্ত সাবলীলভাবে মিথ্যা কথা বলেন। সেজন্য তাকে অনেকে ভিন্ন নামও ডাকেন, আমি সেটি বলতে চাই না। তার প্রতি সম্মান রেখে বলতে চাই, মিথ্যা বলায় যদি কোনো পুরস্কার দেয়া যেত তাহলে সেটা মির্জা ফখরুল সাহেব পেতেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি (ফখরুল) আমাদের দলের সাধারণ সম্পাদক সম্পর্কে এ কথা বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা ঠিক নয়। রাজনীতিতে সমালোচনা হবে। আমাদের রাজনীনৈতিক কর্মকান্ডে বা সরকারের সমালোচনা হতে পারে। আশা করি ব্যক্তিগত সমালোচনা করবেন না। উনি কৌতুক করেন- আমাদের দলের সাধারণ সম্পাদকের বিষয়ে। অথচ উনার কথায় সারা দেশবাসী কৌতুক করে।’
সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির কর্মসূচি প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখুন আমরা পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাস করি না। জনগণ আওয়ামী লীগকে রায় দিয়েছে দেশ পরিচালনার জন্য। প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে গত ১২ বছর ধরে দেশ পরিচালনা করছেন। সে কারণেই আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমআয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ এখন সবকিছুতেই স্বয়ংসম্পূর্ণ।’


