ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মিজানুর রহমান মিজান (৬) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ নভেম্বর) দিনগত রাতে তার মৃত্যু হয়।
এনিয়ে রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮-এ। বিষয়টি নিশ্চিত করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ওই ঘটনার পরপরই শিশু মিজান আহত হয়। সেসময় তার পেটের নাড়িভুঁড়ির অনেকাংশ বেরিয়ে যায়। পরে ঢামেক হাসপাতালে অস্ত্রপচারের পর সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাতে তার মৃত্যু হয়।
এছাড়া এ ঘটনায় আহত হয়ে শিশুসহ ৩ জন বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নিহত শিশু মিজানের বাবা মো. রোকন মিয়া জানান, তিনি স্কুলভ্যানচালক। তার দুই ছেলের মধ্যে মিজান ছিল বড়। ছোট ছেলের নাম মেহেদী (২.৫)। তারা রূপনগরের মজিবরের বস্তিতে থাকেন। মিজান স্থানীয় প্রতিভা স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়তো। ওইদিন বিকেলে কোচিং সেন্টার থেকে ফেরার সময় বিস্ফোরণে সে আহত হয়। এরপর থেকেই সে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
এর আগে গত ৩০ অক্টোবর বিকেলে রূপনগর আবাসিক এলাকায় ওই বিস্ফোরণ ঘটে।


