নিজস্ব প্রতিবেদক : রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতন ও নিধনযজ্ঞের ফলে সৃষ্ট সংকট নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বসছে আজ। এ বৈঠক থেকে মিয়ানমারকে কঠোর বার্তা দেওয়া হতে পারে।
এ বৈঠকে রাখাইন পরিস্থিতি নিয়ে কথা বলবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আর বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য না হলেও জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন বৈঠকে।
নিরাপত্তা পরিষদের সাত সদস্য রাষ্ট্রের অনুরোধে এ বৈঠক হচ্ছে। পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং অস্থায়ী চার সদস্য রাষ্ট্র মিশর, কাজাখস্তান, সেনেগাল ও সুইডেন এ বৈঠকের অনুরোধ জানায়।
২৫ আগস্ট রাখাইনে মিয়ানমারবাহিনীর অভিযান শুরুর পর ইতিমধ্যে দুই দফা নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে নিন্দা জানিয়ে সহিংসতা বন্ধ এবং রাখাইনে আন্তর্জাতিক ত্রাণকর্মীদের কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দেওয়া হলেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার।
এবার নিরাপত্তা পরিষদের বৈঠকে মিয়ানমারকে কঠোর বার্তা দিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে। তবে মানবাধিকার সংগঠনগুলো অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানালেও মিয়ানমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রস্তাব বৈঠকে উঠবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কেননা প্রস্তাবে রাশিয়া কিংবা চীন ভেটো দিলে তা আর কার্যকর হবে না।
এদিকে নিরাপত্তা পরিষদের বৈঠক সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রোহিঙ্গা পরিস্থিতি ও বাংলাদেশের অবস্থান সম্পর্কে তুলে ধরতে বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন।
রাষ্ট্রদূতদের ব্রিফিং শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য না হলেও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সেখানে সরকারের বক্তব্য তুলে ধরবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিরসনে যে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন, মূলত তার ভিত্তিতেই বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে নিরাপত্তা পরিষদে।
তিনি বলেন, ‘তাদের জানানো হয়েছে, বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে এমন একটি ব্যবস্থা নেওয়া হোক, যেন প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা দ্রুত নিরাপদে ও নির্বিঘ্নে মিয়ানমারে ফিরে যেতে পারে। নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে ঢাকায় দূতাবাস আছে নয় দেশের। এসব দেশের প্রতিনিধি রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের প্রতি সহানূভূতিশীল।’
এর আগে রোহিঙ্গা সংকট শুরুর পর দুই দফায় রুদ্ধদ্বার বৈঠক করেছিল নিরাপত্তা পরিষদ। গত সপ্তাহে রাখাইন পরিস্থিতির নিন্দা এবং মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে একটি অনানুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনে গত ২৪ আগস্ট পুলিশ ও সেনাচৌকিতে হামলা হয়েছে অভিযোগ করে পরদিন সেখানে সেনাবাহিনী অভিযান শুরু করে। রোহিঙ্গাদের বর্বর নির্যাতন, হত্যা ও তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া শুরু করে।
প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে আসতে শুরু করে। গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে এসেছে। জাতিসংঘ রাখাইনে মিয়ানমারের ওই সেনা অভিযানকে চিহ্নিত করেছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে।
এ ছাড়া আগে থেকে প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। মিয়ানমারবাহিনীর নির্যাতনের কারণে গত কয়েক দশকে বিভিন্ন সময়ে তারা বাংলাদেশে আসে। বাংলাদেশের বক্তব্য, মানবিক কারণে রোহিঙ্গাদের জায়গা দেওয়া হলেও মিয়ানমারকে অবশ্যই তাদের ফিরিয়ে নিতে হবে।


