আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ সীমান্তে ভূমিমাইন পুঁতে রাখছে মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে মিয়ানমারে ফিরে যেতে না পারে সেজন্যই এ ব্যবস্থা। বাংলাদেশ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সীমান্ত পরিস্থিতিরি সঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। তিনি জানিয়েছেন, সীমান্তের এতোটা কাছ ঘেঁষে মিয়ানমারের ভূমি মাইন পুতে রাখার বিষয়ে বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবে বাংলাদেশ।
গত ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা দমন অভিযানে নামে। সেনা ও বেসামরিক বৌদ্ধ ধর্মাবলম্বী চরমপন্থিদের হাতে এ পর্যন্ত চার শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে। সেনাদের নির্যাতন-নিপীড়নের হাত থেকে রেহাই পেতে দুই সপ্তাহে ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
মূলত স্থিরচিত্র ও গোপন সংবাদদাতা মাধ্যমে মিয়ানমারের এই ভূমিমাইন বসানোর বিষয়টি জানা গেছে বলে জানিয়েছে দুটি সূত্রই।
একটি সূত্র বলেছে, ‘তারা নিজেদের সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছ ঘেঁষে ভূমিমাইন বসাচ্ছে। আমাদের সেনারাও কাঁটাতারের বেড়ার কাছ ঘেঁষে তিন থেকে চারটি গ্রুপকে কাজ করতে দেখেছে। তারা মাটিতে কিছু একটু পুঁতে রাখছিল। পরে আমাদের গোপন সংবাদদাতারা নিশ্চিত করেছে তারা ভূমিমাইন পুঁতে রেখেছে।’
যে গ্রুপগুলো ভূমিমাইন পুঁতে রেখেছিল তাদের গায়ে কোনো ইউনিফর্ম ছিল কি না তা নিশ্চিত করেনি সূত্রগুলো। তবে তারা নিশ্চিত যে, এরা রোহিঙ্গা বিদ্রোহী ছিল না।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ বর্ডার গার্ডের কর্মকর্তা মঞ্জুরুল হাসান খান রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার মিয়ানমারের পাশ থেকে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয় গেছে। সোমবার থেকেই ধারণা করা হচ্ছিল মিয়ানমার সেনাবাহিনী ভূমিমাইন পুঁতে রেখেছে।
মঙ্গলবার সীমান্ত পাড়ি দেওয়ার সময় এক কিশোরের পা বিস্ফোরণে উড়ে গেছে। আরেক কিশোর আহত হয়েছে। পা হারানো ওই কিশোরকে চিকিৎসার জন্য বাংলাদেশের অভ্যন্তরে আনা হয়েছে।
যে স্থানটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে সোমবার এক রোহিঙ্গা শরণার্থী গিয়েছিলেন। সীমান্তের নো ম্যানস ল্যান্ড এলাকা থেকে তিনি যে ছবি তুলেছেন তাতে দেখা গেছে কাঁদার ভেতরে ১০ সেন্টিমিটারের গোলাকার ইস্পাতের একটি চাকতি পুঁতে রাখা হয়েছে। ওই ব্যক্তি জানিয়েছেন, তার বিশ্বাস সেখানে এ ধরণের আরো দুটি চাকতি সেখানে পুঁতে রাখা হয়েছে।
এ ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। মিয়ানমারের নেত্রি অং সান সু চির মুখপাত্র জ হতেইয়ের তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে সোমবার তিনি বলেছিলেন কোথায় বিস্ফোরিত হয়েছে, কারা সেখানে যেতে পারে এবং কারা পুঁতে রেখেছে, কে নিশ্চিতভাবে বলতে পারবে যে এগুলো সন্ত্রাসীরা পুঁতে রাখেনি-সব বিষয়গুলো নিশ্চিতে আরো পরিষ্কার তথ্য প্রয়োজন।


