মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪০ জন জেলে ও ক্রেতাকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০০ কেজি ইলিশ ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার ও রিয়াজুল ইসলাম এ জেল-জরিমানা করেন।
লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার বাংলানিউজকে জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান চালানো হয়। এ সময় ৪০ জন জেলে ও ক্রেতাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে ১০ দিন ও দুই জনকে তিন দিন করে জেল দেওয়া হয়। এছাড়া চার জনকে আট হাজার টাকা ও একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, অভিযানে ১০০ কেজি মা ইলিশ ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।


