জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে মুশফিকুর রহিম জানিয়েছিলেন এই সফরের টি-টোয়েন্টি সিরিজ তিনি খেলবেন না। কিন্তু জিম্বাবুয়েতে যাওয়ার পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।
সম্পূর্ণ সিরিজই খেলার কথা জানিয়েছেন এই তারকা ব্যাটসম্যান।
টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে আসার কথা ছিল মুশফিকের। কিন্তু সিদ্ধান্ত বদল করায় টি-টোয়েন্টি স্কোয়াডে নাম যুক্ত হয়েছে তার।
মুশফিকের সিদ্ধান্ত পরিবর্তনের কারণ অবশ্য এখনও জানা যায়নি। তবে দলের সেরা এই ব্যাটসম্যানকে খেলায় পাওয়া বাংলাদেশের জন্য সুখবর।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৩ জুলাই। পরবর্তী ম্যাচ দুটি হবে ২৫ ও ২৭ জুলাই। এর আগে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। ১৪ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। সিরিজের পরবর্তী দুটি ম্যাচ হবে ১৮ ও ২০ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে।
টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম।
জিম্বাবুয়ে সফর থেকে টাইগারদের ফেরার কথা ২৯ জুলাই। সেদিনই বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া দলের। আগস্টের শুরুতে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা। সবকটি ম্যাচই হওয়ার কথা মিরপুরে।


