ক্রীড়া ডেস্ক : কিম্বার্লিতে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। টেস্ট সিরিজ হারের পর মাশরাফির দল যখন ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে তখনই বড় দুঃসংবাদ পেল টাইগার শিবির।
পা মচকে যাওয়ায় কিম্বার্লিতে আজ খেলবেন না মুস্তাফিজুর রহমান। গতকাল অনুশীলনের আগে ফুটবল খেলার সময় পা মচকে যায় মুস্তাফিজের। এরপর আর তাকে অনুশীলনে দেখা যায়নি। প্রধান নির্বাচক ও এ সফরে ম্যানেজারের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,‘ট্রেনিংয়ের আগে গা-গরমের সময় পা মচকে যায় মুস্তাফিজের। আগামীকাল (আজ) সে খেলতে পারবে না। সিরিজ থেকে ছিটকে গেছে কি না তা আজ পায়ের স্ক্যান করার পর জানা যাবে।’
মুস্তাফিজের ছিটকে যাওয়ায় দলে ঢুকতে পারেন তাসকিন আহমেদ। তিন পেসার ও পেস অলরাউন্ডার নিয়ে মাঠে নামার পরিকল্পনা আগের থেকেই ছিল বাংলাদেশের। মাশরাফি, রুবেলের সঙ্গে খেলার কথা মুস্তাফিজের। পেস অলরাউন্ডার হিসেবে দলে আসছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।


