মুস্তাফিজের বোলিংয়ে প্রচুর বৈচিত্র্য

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এগারোতম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে খেলবেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ তৃতীয়বারের মতো আইপিএলে অংশ নিচ্ছেন। এর আগে দু’বার খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে। প্রথম আসরে দুর্দান্ত খেলে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন। পাশাপাশি দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। দ্বিতীয় আসরে খেলেছিলেন এক ম্যাচ। এবার তাকে দলে ভিড়িয়েছে মুম্বাই। নিলামে দরকষাকষি করে তাকে দলে নেয় মুম্বাই। নির্দিষ্ট পরিকল্পনায় বিগ বাজেটের দল মুম্বাই মুস্তাফিজকে দলে নিয়েছে। দলের অধিনায়ক রোহিত শর্মা আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজকে নিয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। অধিনায়ক জানালেন, তিনি মুস্তাফিজের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন।

‘মুস্তাফিজকে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি, তার বোলিংয়ে প্রচুর বৈচিত্র্য রয়েছে। ও হচ্ছে এমন একজন বোলার যাকে খেলা দুরূহ। আমরা সেরকম একজনকেই আমাদের দলে চাচ্ছিলাম। ও আমাদের দলে সেই ভাবমূর্তি ও চিত্রটি নিয়ে আসতে পেরেছে। আমি তার সঙ্গে খেলতে মুখিয়ে আছি।’-বলেছেন রোহিত শর্মা।

৭ এপ্রিল আইপিএলের পর্দা উঠবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে খেলবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।