মুস্তাফিজের রেকর্ডটি ভাঙার অপেক্ষায় আফগানিস্তানের রশিদ খান

ক্রীড়া ডেস্ক : ওয়ানডে সিরিজে অভিষেকে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ডে যৌথভাবে মুস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকার শন পোলক ও টিম সাউদি। তবে ম্যাচের বিবেচনায় মুস্তাফিজ, পোলক ও সাউদির থেকে এগিয়ে। ১৩ উইকেট পেতে পোলক ৭ ও সাউদি ৫ ম্যাচ খেলেছিলেন। সেখানে মুস্তাফিজের ১৩ উইকেট মাত্র ৩ ম্যাচেই!

তবে একটি রেকর্ডে মুস্তাফিজ সবার থেকে এগিয়ে। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি মুস্তাফিজুর রহমানের দখলে। ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে ১৩ উইকেট নিয়েছিলেন কাটারমাস্টার। প্রথম ম্যাচে ৫ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ পকেট পুরেন ৬ উইকেট। শেষ ম্যাচে নেন আরও ২ উইকেট।

অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসও ৩ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন। তবে সিরিজটি ছিল ৫ ম্যাচের। হ্যারিস অবশ্য খেলেছিলেন ৩ ম্যাচ। তবে তিন ম্যাচ সিরিজের বিবেচনায় মুস্তাফিজুর রহমান সবার উপরে।

এছাড়া ৩ ম্যাচ সিরিজে মাশরাফি বিন মুর্তজা ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১২ উইকেট নিয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে ২০০২ সালে ১২ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের ভাসবার্ট ড্রেকস।

মুস্তাফিজের রেকর্ডটি ভাঙার অপেক্ষায় আফগানিস্তানের রশিদ খান। আফগান লেগ স্পিনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ৩ ম্যাচ সিরিজের একটি ম্যাচ এখনও বাকি আছে। শেষ ম্যাচে ৩ উইকেট পেলে ফিজের পাশে বসবেন রশিদ খান। ৪ উইকেট পেলে বাংলাদেশের পেসারকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বেন।

সিরিজের প্রথম ম্যাচে ১৮ রানে ৭ উইকেট নিয়ে ওয়ানডে ইতিহাসের চতুর্থ সেরা বোলিং ফিগার উপহার দেন রশিদ খান। রোববার দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। শেষ ম্যাচে ধারাবাহিক বোলিং করলে মুস্তাফিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে পারেন ১৮ বছর বয়সি এ স্পিনার।