রোহিঙ্গা জনগোষ্ঠীর শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত আরও দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি টিম। আজ শনিবার বিকেলে উখিয়া উপজেলার কুতুপালং এক নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ১ নম্বর ক্যাম্প ওয়েস্ট ‘ডি’ ব্লকের আবুল কালাম (৩৪) প্রকাশ আবু এবং মো. নজিম উদ্দিন (৩৫)।
আজ সন্ধ্যায় দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪-এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, গোপন সংবাদে খবর পেয়ে এপিবিএনের একটি টিম আজ বিকেলে উখিয়া উপজেলার কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায়। এ সময় পুলিশ ১ নম্বর ক্যাম্প ওয়েস্ট, ব্লক-ডি এলাকা থেকে এই কালাম ও নজিমকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
এ নিয়ে মুহিবুল্লাহ হত্যা মামলায় মোট ১১ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মুহিবুল্লাহ হত্যায় সরাসরি জড়িত আজিজুল হক এবং ইলিয়াস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


