মেসির পা ছুঁয়ে এলো শততম গোল

ক্রীড়া ডেস্ক : বিধাতা তার জন্য হয়তো বড় উপলক্ষ্য তৈরি করে রেখেছিলেন। নয়তো প্রথম দুই ম্যাচে কি গোলবঞ্চিত থাকেন লিওনেল মেসি?

যার নামের পাশে শ’য়ে শ’য়ে সাফল্য, তার পাশে নেই কোনো গোল! রাশিয়া বিশ্বকাপই যেন ফ্যাকাসে লাগছিল। রংধনুর সাত রঙও মনে হচ্ছিল বিবর্ণ। রঙিন ক্যানভাস রাঙানোর সুযোগ হয়েছিল মেসির, প্রথম ম্যাচেই। কিন্তু স্পটকিক মিস করেন খুদে জাদুকর।

সেই গোল খরা কাটালেন তৃতীয় ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে। ১৪ মিনিটে অসাধারণ এক গোল করে আলবিসেলেস্তেদের এগিয়ে নেন মেসি। আর এ গোলের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বকাপ পেল শততম গোলের স্বাদ। মেসির পা ছুঁয়ে এলো শততম গোল।

দলে ফেরা বানেগার দূরপাল্লার পাস ডি বক্সের কাছ থেকে বুক দিয়ে বল নামান মেসি। হাঁটু দিয়ে বলকে এগিয়ে নেন একবার। এরপর বাঁ পায়ের টোকায় আরো একটু এগিয়ে যান। এরপর ডান পায়ে শট। তার শট খুঁজে পায় নাইজেরিয়ার জাল। চার বছর আগে এই নাইজেরিয়ার বিপক্ষেই বিশ্বকাপে নিজের সবশেষ গোলটা করেছিলেন মেসি, সেদিন করেছিলেন জোড়া গোল। সব মিলিয়ে বিশ্বকাপে মেসির গোল হলো ছয়টি।

শেষ তিন বিশ্বকাপে শততম গোলের স্বাদ দিয়েছেন তিন ভিন্ন দেশের খেলোয়াড়। কিন্তু একটি জায়গায় তিন খেলোয়াড়ের মধ্যে অসাধারণ এক মিল রয়েছে। ২০১০ বিশ্বকাপের শততম গোলটি পেয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১৪ বিশ্বকাপে নেইমারের পা ছুঁয়ে আসে ২০১৪ বিশ্বকাপের শততম গোল। এবার মেসির কৃতিত্বে গোলের সেঞ্চুরি পূর্ণ হলো রাশিয়া বিশ্বকাপে। একটি মিল তো ফুটবলপ্রেমীরা পাচ্ছেনই। তিনজনই যে বার্সেলোনার খেলোয়াড়! তিন কাতালান খেলোয়াড় বিশ্বকাপ রাঙিয়েছেন তিনবার।

নেইমার দল পাল্টে এখন পিএসজিতে। মেসি রয়েছেন বার্সেলোনায়। আর ইনিয়েস্তা গত মৌসুমেই বার্সেলোনা অধ্যায় শেষ করেছেন।