মেসির বিদায়, পিকের আবেগঘন পোস্ট

ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি রোববার (৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে বার্সাকে গুডবাই জানাবেন আর্জেন্টাইন তারকা।

এ ব্যপারে ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার। সেখানেই তিনি সতীর্থ, কোচ এবং ক্লাব কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নেবেন।

মেসির এ বিদায়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন তার দীর্ঘদিনের সতীর্থ জেরার্ড পিকে।

ইনস্টাগ্রামে পিকে লিখেছেন, ‘আজ থেকে প্রায় ২০ বছর আগে ২০০০ সালে আমরা একসঙ্গে বার্সায় এসেছিলাম। ন্যু ক্যাম্পে এ সময়টা কী অবিশ্বাস্য কাটল! দ্বিতীয়বার আমি বার্সায় ফেরার পর ট্রেবল জিতলাম একসঙ্গে। তুমি হয়ে উঠলে ইতিহাসের সেরা। এত বছর পরে সেই তুমি বার্সার জার্সি আর গায়ে জড়াবে না! সত্যি বাস্তবতা কখনো কখনো খুবই কঠিন।’

প্যারিসের পথে হাঁটছেন মেসি। আর্জেন্টাইন তারকাকে বার্ষিক ৪০ মিলিয়ন ইউরো বেতনে তিন বছরের চুক্তিতে দলে ভেড়াচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি, যা নেইমারের বেতনের চেয়ে পাঁচ মিলিয়ন ইউরো বেশি। ফরাসি ক্লাবটির মালিক কাতারের আমিরের ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল- থানি ইতোমধ্যেই মেসির চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান তিনি। যদিও এর একদিন পরেই শনিবার (৭ আগস্ট) বিষয়টি অস্বীকার করেছে পিএসজি।

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয় গত ৩০ জুন। ১ জুলাই থেকে মেসি ফ্রি এজেন্ট। জুলাই মাসে পূর্ণতা পায় মেসির ক্যারিয়ার।

বুধবার (৪ আগস্ট) লা লিগায় নতুন মোড় নেয় মেসির চুক্তি। সিভিসি নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে ২ দশমিক ৭ বিলিয়ন ইউরোতে লা লিগার ১০ শতাংশ শেয়ার বিক্রির ঘোষণা আসে। যেখান থেকে ২৮০ মিলিয়ন ইউরো পাওয়ার কথা দেনায় জর্জরিত বার্সেলোনার। আর এই অর্থ দিয়েই মেসিকে নতুন চুক্তিতে সই করাতে আলোচনা শুরু করে কাতালান ক্লাবটি।

যে আর্থিক কারণে এত দিন থমকে ছিল চুক্তি আনুষ্ঠানিকতা, সেটা সমাধান হয়ে যাওয়ায় ভক্তরাও সুখবরের প্রহর গুনতে থাকেন। কিন্তু মেসির প্রতিনিধির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়নি বার্সেলোনা কর্তৃপক্ষের।

ফলে নতুন করে দেখা দেয় অনিশ্চয়তা। লা লিগার কাছ থেকে ২৮০ মিলিয়ন ইউরো নিলে, শেষ হয়ে যাবে বার্সার ইউরোপিয়ান সুপার লিগ স্বপ্ন। যা কোনোভাবেই চান না লাপোর্তা। আর এতেই ইউরোপের সংবাদমাধ্যম জানায়, বার্সার সঙ্গে মেসির নতুন চুক্তি স্বাক্ষর অসম্ভব। দু’পক্ষের আলোচনা ভেস্তে গেছে।