মোংলায় ৩৪ কেজি হরিণের মাংসসহ আটক ১

জেলা প্রতিবেদকঃ বাগেরহাটের মোংলায় ৩৪ কেজি হরিণের মাংসসহ মনির হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার চটেরহাট এলাকার নিতাই খাল থেকে নৌকায় করে মাংস নিয়ে যাওয়ার সময় মনিরকে আটক করা হয়। এসময় তার নৌকাটিও জব্দ করে পুলিশ।
মনির হোসেন রামপাল উপজেলার কাঁঠাল গ্রামের ইউনুস আলীর ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে ফিরছিলেন মনির। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মনিরকে আটক করা হয়। নৌকায় তল্লাশি চালিয়ে ৩৪ কেজি মাংস পাওয়া যায়। আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত মাংস ও আটক মনিরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।