ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলছেন মোহাম্মদ ইউনিস। অবসরের ঘোষণা দেওয়ায় চলমান সিরিজ শেষেই প্রাক্তন ক্রিকেটারদের কাতারে যোগ দেবেন পাকিস্তানের মিডলঅর্ডার এ ব্যাটসম্যান। তবে ব্যাট-প্যাড তুলে রাখলেও অবসরের পরপরই ক্রিকেটের সঙ্গেই থাকছেন তিনি।
ক্যারিবীয়দের বিপক্ষে চলমান সিরিজেই টেস্টে ১০ হাজার রানের মাইলফলকে পৌছেছেন ইউনিস। পাকিস্তানের হয়ে টেস্টে এই মাইলফলকে পৌছা একমাত্র ব্যাটসম্যান ইউনিস। তাই অবসরের সঙ্গে সঙ্গেই এই ব্যাটিং জিনিয়াসকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আফগান ক্রিকেটের চেয়ারম্যান আতিফ মাশাল আজ এমনটা জানিয়েছেন।
ইউনিসের সঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি ফাইনালের পথে বলে জানান আতিফ মাশাল। এখন ৩৯ বছর বয়সি ইউনিসের দাবি-দাওয়া নিয়ে বিবেচনা করছে এসিবি।
আজ বিবিসি উর্দুকে মাশাল জানান, ‘আমরা এখনো চুক্তিতে পৌছিনি। তবে দলকে সেবা দিতে আমরা সেরা এ ব্যাটসম্যানকে চাই। আমরা আমাদের সম্ভাব্যতা এবং তার দাবী বিবেচনা করছি’
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবে ইউনিস খান রাজি হয়েছেন বলে জানিয়েছেন মাশাল। চুক্তি চূড়ান্ত হলে ইউনিস হবেন আফগানদের চতুর্থ পাকিস্তানি ক্রিকেট স্টাফ। এর আগে পাকিস্তানের বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ এবং প্রাক্তন ক্রিকেটার কবির খান আফগানিস্তানে কোচের দায়িত্ব পালন করেছেন।


