ম্যানচেস্টার ইউনাইটেড কোচ থেকে বরখাস্ত হচ্ছেন মরিনহো?

ক্রীড়া ডেস্ক : ‘তুমি আর স্পেশাল থাকছো না’, ‘সকালেই তুমি বরখাস্ত হচ্ছো’- ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল রাতে ম্যাচ চলাকালীন সময়েই ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোকে নিয়ে এমন সব উপহাস করেছেন টটেনহামের সমর্থকরা। ঘরের মাঠে টটেনহামের কাছে ৩-০ গোলে হারের পর সত্যি সত্যিই মরিনহোর চাকরি নিয়ে টানাটানি উঠে গেছে! প্রিমিয়ার লিগে গত সপ্তাহে ব্রাইটনের মাঠ থেকে ৩-২ গোলে হেরে এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল নিজেদের মাঠে টটেনহামের কাছে হারল ৩-০ গোলে। প্রথম তিন ম্যাচে দুই হার- গত ২৬ বছরে লিগে এটিই রেড ডেভিলদের সবচেয়ে বাজে শুরু। হোম ম্যাচে কোচিং ক্যারিয়ারে মরিনহোর সবচেয়ে বড় পরাজয়ও এটি। লিগে প্রথম তিন ম্যাচের দুটিতে হারের ঘটনাও তার ক্যারিয়ারে আগে ঘটেনি। দলের এমন বাজে শুরুর পর স্বাভাবিকভাবেই মরিনহোর ওপর চাপ বেড়ে গেছে। টটেনহামের কাছে হারের পর আবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজও হারিয়ে ফেলেন ‘স্পেশাল ওয়ান’।


বিবিসির ফুটবল বিশ্লেষক ও প্রাক্তন সেল্টিক স্ট্রাইকার ক্রিস সুটন টটেনহামের বিপক্ষে হারের জন্য মরিনহোকেই দুষছেন, ‘সমস্যা সব জায়গাতেই। যার শুরুটা কোচকে দিয়ে। সে মাঝে খেলার জন্য একজন মিডফিল্ডার বাছাই করেছে। স্বীকৃত ডিফেন্ডার বেঞ্চে আছে, যাকে সে কিনেছে; কিন্তু বিশ্বাস রাখতে পারছে না। এটি কোনো পানশালার দল নয়, এটা ম্যানচেস্টার ইউনাইটেড। তারা শিরোপার জন্য লড়ছে বলে মনে হচ্ছে না।’ টটেনহামের কাছে ৩-০ গোলে হারের ম্যাচটা গতকাল ওল্ড ট্র্যাফোর্ডের গ্র্যান্ড স্ট্যান্ডে বসেই দেখেছেন ক্লাবের নির্বাহী ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড। চাকরিটা ধরে রাখতে পারবেন তো মরিনহো?