ক্রীড়া ডেস্ক : গুঞ্জন ছড়িয়েছে, খুব শীঘ্রই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বহিস্কৃত হবেন ম্যানেজার জোসে মরিনহো! মরিনহো বহিস্কৃত হলে তার বিকল্প হিসেবে জিনেদিন জিদানের নাম শোনা যাচ্ছে। ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, জিদানও ম্যানইউতে যোগ দিতে আগ্রহী। খুব কাছের বন্ধুকে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন জিদান। মরিনহোকে যদি বহিস্কৃত করা হয় তাহলে তার জায়গায় আসতে চান জিদান। তার বিশ্বাস, ম্যানইউও তার প্রতি আগ্রহ দেখাবে। রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়ে ক্লাবটি থেকে অব্যাহতি নিয়েছেন জিদান। বর্তমানে কোনো ক্লাবেই সময় দিচ্ছেন না তিনি। ফরাসি এ বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলারকে এবার ওল্ড ট্রাফোর্ডে দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকেই। মৌসুমের শুরুতেই ব্রাইটনের মতো দলের বিপক্ষে ৩-২ গোলে ম্যানইউর হারের পর মরিনহোর ভূমিকা নিয়ে সমালোচনা চলছে। গত মৌসুমেও ব্রাইটনের মাঠে হেরেছিল রেডডেভিলসরা। আগামী সোমবার ম্যানইউয়ের প্রতিপক্ষ টটেনহ্যাম। ম্যাচটিকে মরিনহোর জন্য ‘ডু অর ডাই’ হিসেবে দেখছেন অনেকে। ৪৬ বছর বয়সি জিদান রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জিতিয়েছেন। দলকে শিরোপা জেতানোর পাঁচ দিনের ব্যবধানে রিয়াল মাদ্রিদ ছাড়েন। ধারণা করা হচ্ছিল কাতার কিংবা ফ্রান্সের দায়িত্ব নিতে যাচ্ছেন জিদান। কিন্তু সেরকম কিছু এখনও হয়নি।


