যমুনায় বঙ্গবন্ধু রেল সেতুর প্রথম স্প্যান দৃশ্যমান

যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। মোট ৫০টি পিলারের মধ্যে শেষ হয়েছে ৮টি পিলারের পিয়ার হেড ঢালাইয়ের কাজও। এরই মধ্যে নদীর ওপর দৃশ্যমান হয়েছে প্রথম স্প্যান।

সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নদীর দুই পাড়ে দুটি প্যাকেজে চলছে এই সেতুর নির্মাণকাজ। দেশি-বিদেশি প্রকৌশলী আর কর্মীদের তত্ত্বাবধানে রাতদিন সমান তালে চলছে পাইলিং ও সুপার স্ট্রাকচার বসানোর কাজ। এরই মধ্যে সেতুর ৪৭ ও ৪৮ নম্বর পিলারের ওপর স্থাপন সম্পন্ন হয়েছে একটি পূর্ণাঙ্গ স্প্যান।

এখন পর্যন্ত সেতুর কাজের অগ্রগতি ৪৫ শতাংশ বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যেই এর নির্মাণকাজ শেষ হবে বলেও জানান তিনি।