নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের চার ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে যশোর সদর ও ঝিকরগাছা উপজেলা থেকে এই চারটি লাশ উদ্ধার করা হয়।
একইসঙ্গে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে নিহত চার ডাকাতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই মোখলেসুর রহমান জানান, শনিবার ভোররাতে যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় গোলাগুলি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে সেখান থেকে দুটি ওয়ান-শুটার গান, দুই রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ, পাঁচটি ধারালো অস্ত্র, দড়ি, স্যান্ডেলসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
অপরদিকে, ঝিকরগাছা থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার চাপাতলা মাঠ থেকে এই লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে। তবে নিহত ডাকাতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঝিকরগাছা থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম জানান, গ্রামবাসীর মাধ্যমে ডাকাত পড়েছে, এমন সংবাদ পেয়ে পুলিশ উপজেলার চাপাতলা মাঠে অভিযান চালায়। এ সময় সেখান থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ডাকাতির পণ্য ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের বিরোধে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। একইসঙ্গে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, গাছি দা, রাম দা, চাইনিজ কুড়ালসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে।


