যশোরে ট্রাকের ত্রিপল খুলে মিললো অর্ধশত যাত্রী

জেলা প্রতিবেদকঃ মালামাল বোঝাই করে ত্রিপল দিয়ে ঢেকে রাখার আদলে যাচ্ছিলো দু’টি ট্রাক। সড়কে দায়িত্বরত আনসার সদস্যদের দৃষ্টি পড়ে ট্রাকের ভেতরে থাকা ‘মানব বলয়’। পরে ট্রাকটি আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ত্রিপল খুলে ট্রাক থেকে বের করলেন ৬১ জন যাত্রী।
রোববার (১২ এপ্রিল) দুপুরে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের মণিরামপুর গরুহাট মোড়ে অভিনব কায়দায় এ যাত্রী বহনের ঘটনা ধরা পড়ে। পরে জীবাণুনাশক স্প্রে করে শ্রমিকদের খোলা মাঠে নামানো হয়।
ওই ট্রাক দু’টির চালকরা বলেন, ঢাকা থেকে ৩১ যাত্রী মিলে ট্রাকটি ভাড়া করে খুলনার পাইকগাছা উপজেলায় যাচ্ছিলেন। অপর ট্রাকের ৩০ যাত্রী মিলে কুমিল্লা থেকে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় যাচ্ছিলেন। তারা সবাই ওই উপজেলা দু’টির বাসিন্দা। তারা ঢাকা ও কুমিল্লার বিভিন্ন কারখানা ও ইটভাটায় কাজ করেন।
ওই ট্রাকের যাত্রীরা বলেন, লগডাউনের কারনে আমাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়। এদিকে যাতায়াতের কোনো ব্যবস্থা না খুঁজে পেয়ে ট্রাকে আসার সিদ্ধান্ত নিয়েছি। তবে তারা দাবি করেন তাদের কারো শরীরে করোনা ভাইরাস নেই।
তারা আরও বলেন, বিনা কারণেই আমাদের পথে-ঘাটে হয়রানি হতে হচ্ছে। ওই সব করোনা তাদের হবে না বলেও আত্মবিশ্বাস তাদের।
এদিকে প্রচণ্ড গরমের মধ্যে ত্রিপল টাঙানো ট্রাকে গাদাগাদি করে দীর্ঘ ৩০০ থেকে ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করার গল্প শুনে হতবাক উপস্থিত আনসার সদস্যরা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার বলেন, অভিনব কায়দায় ট্রাকে যাত্রী পরিবহনের বিষয়টা ধরা পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নিজ নিজ উপজেলার ইউএনওদের মাধ্যমে পুলিশি সহযোগিতা নিয়ে সরাসরি তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেছি। এছাড়াও তাদের গন্তব্যে পৌঁছানো মাত্র হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে প্রত্যেকের নামের তালিকা করে ইউএনওদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার (১১ এপ্রিল) একটি কাভার্ড ভ্যানে উত্তরবঙ্গ থেকে ২৫ থেকে ৩০ জন যাত্রী চৌগাছায় নিয়ে আসে। বিষয়টি জানতে পেরে তাদেরও হোম কোয়ারেন্টিনের ব্যবস্থা করে উপজেলা প্রশাসন।