যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ব্যাংক কর্মকর্তা

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর সদর প্রতিনিধি: যশোর শহরের পালবাড়ি নতুন খয়েরতলা ভাস্কর্যমোড়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান (৩৮) সদর উপজেলার বোলপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি জনতা ব্যাংক আর, এন, রোড, যশোর শাখায় সিনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন।

এদিকে ঘাতক ট্রাকটি আটকের পর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার এসআই জিয়াউর রহমান জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ দিক থেকে ছেড়ে আসা ট্রাকটি বেপরোয়া গতিতে আসছিলো। নতুন খয়েরতলা ভাস্কর্য মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলচালক আজিজুর রহমান সড়কের উপর ছিঠকে পড়লে ট্রাকের সামনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আজিজুর।
এসআই জিয়াউর জানান, শহর থেকে নিজ বাড়ি ফেরার পথে ওই ব্যাংক কর্মকর্তা দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।