মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর সদর প্রতিনিধিঃ যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইদুজ্জামান বাবুকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে দাবি করেছেন তার স্বজন ও রাজপথের সহকর্মীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে সাদা পোষাকে তাকে তুলে নিয়ে যায়। তবে তাকে আটকের বিষয়ে কোন কথাই বলছে না পুলিশ। রাত পর্যন্ত তাকে আদালতে প্রেরণ না করায় এবং তার সাথে দেখা করতে না পারায় পরিবারের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে, বাবুর মুক্তির দাবিতে বিকেলে জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা শহরের মিছিল করেছেন। এলাকাবাসী বাবু সন্ধান দাবি করে এসপি অফিসে আসলে তাদের লাঠিসোটা নিয়ে তাড়া করা হয়।

যশোরে সাবেক ছাত্রলীগ নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শহরের আরবপুর এলাকার হাসেম আলী বিশ্বাসের ছেলে এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইদুজ্জামান বাবু ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকায় তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দেয় পুলিশ। এরপরও তিনি মুজিব আদর্শের রাজনীতিতেই রয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাড়িতেই ছিলেন। এসময় সাদা পোষাকধারী ডিবি পুলিশ পরিচয়ে বাবুকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
তাকে অজ্ঞাত স্থানে আটক করে রেখেছে পুলিশ। থানা ও ডিবিসহ বিভিন্ন পুলিশ স্টেশনে খোঁজখবর নেন পরিবারের লোকেরা। যদিও বাবুকে আটকের বিষয়ে কোন কথাই বলেনি পুলিশ। কিন্তু পুলিশই তাকে আটক করেছে এমন প্রমাণ তার পরিবারের কাছে রয়েছে।এদিকে বাবুর মুক্তির দাবিতে এদিন বিকেলে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মিছিল করেছে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা এ মিছিল করে থানার সামনে পথসভা করে। এসময় তারা বাবুর মুক্তির দাবি করেন।


