যশোর: যশোরের চৌগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নূর ইসলাম (৬২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের মুক্তদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর ইসলাম উপজেলার বড় নিয়ামতপুর গ্রামের বাসিন্দা। আহত দুইজন হলেন- নিয়ামতপুর গ্রামের বাসিন্দা এবং ওই ভ্যানের যাত্রী জাহানারা (৫০) ও তামজিদ হোসেন (৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ভ্যানচালক নূর ইসলাম চৌগাছা শহর থেকে যাত্রী নিয়ে বড় নিয়ামতপুর যাচ্ছিলেন। পথে মুক্তদাহ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলম সাধুর (ইঞ্জিনচালিত যানবাহন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক নূর ইসলামসহ দুই যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নূর ইসলামকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুঞ্জুরুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই নূর ইসলামের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, আহত দুইজন শঙ্কামুক্ত হলেও জাহানারার মাথায় আঘাত লাগায় তাকে রেফার করা হয়েছে। এছাড়া তামজিদের অভিভাবকরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেছে।


