যশোরে ৫জন উড়ন্ত ছিনতাইকারী আটক পুলিশের কাছে

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর সদর প্রতিনিধিঃ আরআরএফ যশোরের ক্রেডিট অফিসার অনুপমা বিশ্বাসের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় ৫ উড়ন্ত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলার তালবাড়িয়া ক্যাম্পের পুলিশ তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলো, সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে ইসরাফিল হোসেন (১৯), তালবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার আলাউদ্দিনের ছেলে রাসেল হোসেন (১৯), হামিদপুর গ্রামের আব্দুল্লাহ’র ছেলে যশোর টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্র রেজা রায়হান (১৫), তার সহপাঠী বারান্দীমোল্যাপাড়ার সাইদুল ইসলামের ছেলে সাজিদুল ইসলাম (১৬) এবং ঘুরুলিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আরিফ হোসেন (১৮)।

তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানিয়েছেন, এদিন দুপুরে তালবাড়িয়া ডিগ্রি কলেজ রোড থেকে আরআরএফ’র এক নারী কর্মীর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ কেড়ে নিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে রেজা রায়হান, আরিফ ও সাজিদুল। ধানঘাটা রোডে কিছুদূর যাওয়ার পর তাদের মোটরসাইকেলের তেল ফুরিয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে তেল নেয়ার সময় ওই তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় অনুপমার ব্যাগটি। ওই ব্যাগের মধ্যে ক্রিডিট প্রোগ্রামের ১৩ হাজার ৪২০ টাকা এবং তার নিজের খরচ হিসাবে আরো ৫/৬ হাজার টাকা ছিল। অনুপমা নিজের সহকর্মীদের সহযোগিতায় তাদের আটক এবং ব্যাগ উদ্ধার করে পুলিশে সংবাদ দেয়। পুলিশ ওই তিনজনসহ তাদের আরো দু’সহযোগীকে আটক করে। তবে এ ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী তালবাড়িয়া এলাকার আসাদুজ্জামান আসাদের ছেলে বাপ্পিকে আটক করা যায়নি। আটককৃতদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটি তারা এই কাজের জন্য ভাড়া করেছিল।

আরআরএফ কর্মী অনুপমা বিশ্বাস জানিয়েছেন, তিনি অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামের সনৎ বিশ্বাসের মেয়ে। যশোরের আরআরএফ’র তালবাড়িয়া এরিয়ায় ক্রিডিট অফিসার হিসাবে কাজ করেন। প্রত্যেকদিনের মতো তিনি এদিনও কিস্তির টাকা আদায় করে তালবাড়িয়া থেকে শহরের দিকে ফিরছিলেন। তালবাড়িয়া কলেজের একটু দূরে গেলেই পিছন থেকে একটি মোটরসাইকেলে এসে তিনজন তার হাতে থাকা ব্যাগটি কেড়ে নিয়ে যায়। তিনি চিৎকার করতে থাকেন। সে সময় ওই রাস্তা দিয়ে তার আরেক সহকর্মী যাচ্ছিলেন। তিনি বিষয়টি জেনে ওই সহকর্মী মোটরসাইকেল নিয়ে পিছু নেন। তার পিছু নিয়ে আসতে থাকেন তিনি। ধানঘাটা রোডের দিকে কিছু দূর গিয়ে মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়। আটক ইসরাফিলের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

এসআই নজরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনার মূলপরিকল্পনায় তালবাড়িয়ার আসাদের ছেলে বাপ্পি। সে জানতো প্রত্যেকদিন অনুপমা তালবাড়িয়ায় আসেন এবং ক্রেডিট প্রোগ্রামের টাকা আদায় করে থাকেন। তার কাছে বেশ কিছু পরিমাণ টাকা থাকে। সে কারণে এদিন তারা একটি মোটরসাইকেল ভাড়া করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।