মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর সদর প্রতিনিধিঃ যখন-তখন শ্রমিক ছাঁটাই বন্ধ, সরকার নির্ধারিত দৈনিক মজুরি সাড়ে ৪০০ টাকা প্রদান ও কোটা অনুযায়ী হরিজনদের চাকরি নিশ্চয়তার দাবিতে যশোর বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে হরিজনরা। গতকাল বিকালে পৌরসভা শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে এই বিক্ষোভ করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের লালদীঘি পাড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিত্রা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন হরিজনরা। পথসভায় যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতি লাল, সাধারণ সম্পাদক কমল বিশ্বাস, সহ-সভাপতি মন্টু হরিজন, সংগ্রাম কমিটির আহ্বায়ক সাজেন ডোম প্রমুখ বক্তব্য রাখেন। পথসভায় হরিজনদের দাবির সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস ও সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাদ আলী লস্কর। পথসভাটি পরিচালনা করেন সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক হিরন লাল সরকার।
বক্তারা বলেন, হরিজনরা দীর্ঘদিন ধরে শ্রম আইনের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। ২০১৬ সালের ২০ জুন সরকার জেলা শহরের পৌরসভায় কর্মরত হরিজনদের দৈনিক সাড়ে ৪০০ টাকা মজুরি প্রদানের নির্দেশনা দেয়। কিন্তু যশোরে তা বাস্তবায়ন হয়নি। যশোর পৌরসভায় কখনো ২২ টাকা, কখনো ৩৩ টাকা, কখনো ৩৮ টাকা দৈনিক হাজিরা দেয়া হয়েছে। এখন দেয়া হচ্ছে কাউকে ৫০ টাকা আবার কাউকে ১০০ টাকা হারে। এই টাকায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাই দ্রুত সরকার নির্ধারিত হারে মজুরি দিতে হবে। এছাড়া বর্তমানে প্রতি পরিবারের একাধিক সদস্যকে চাকরি থেকে ছাঁটাইয়ের পাঁয়তারা চলছে। পৌরসভা কর্তৃপক্ষ অহরিজনদের পরিচ্ছন্নতা পেশায় নিয়োগ দানেরও পাঁয়তারা করছে। এটা মেনে নেয়া হবে না।


