ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে কাভার্ড ভ্যানচাপায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুবেল মিয়া বাংলানিউজকে বলেন, ভোরে দয়াগঞ্জ মোড় এলাকা দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যানটি তাকে চাপা দেয়। এতে ওই রিকশাচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এএসআই রুবেল।


