যান চলাচলের জন্য উন্মুক্ত পদ্মা সেতু

যান চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে পদ্মা সেতু। আজ রোববার সকাল ৬টা থেকে টোল দিয়ে সেতু পার হচ্ছে বিভিন্ন যানবাহন। ভোর থেকেই বাস, ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট-বড় যানবাহন অপেক্ষা করতে থাকে সেতু পার হওয়ার জন্য।

প্রথম দিন এমন একটি অভিজ্ঞতার সম্মুখীন হতে পেরে উচ্ছ্বাস দেখা গেছে চালক ও যাত্রীদের মধ্যে।

অন্যদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে—পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যথাযথ প্রস্তুতি রয়েছে।

সেতু পার হওয়ার আগে চালকেরা স্বস্তি প্রকাশ করে বলছেন, ‘একটা বড় বিষয় যে, দালাল নেই। দালালের ঝামেলা একটা বড় ঝামেলা। এখন বড় কোনো জ্যামে বসে থাকা লাগছে না, সুন্দরমতো পার হতে পারছি।’

পদ্মা সেতুর কর্মীরা বলছেন, ‘আমরা সকাল ৬টা থেকে কাজ শুরু করেছি। সেতু উন্মুক্ত হওয়ার আগ পর্যন্ত অনেক যানজট ছিল। কিন্তু, আমরা সামলে নিয়েছি। এখন সব আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সবাই অনেক খুশি। পুলিশ আমাদের সহযোগিতা করছে।’

সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, ‘সকাল ভোর ৫টা ৫০ মিনিটের দিকে যানবাহন পারাপারের জন্য পদ্মা সেতুর টোল প্লাজা খুলে দেওয়া হয়।’

প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, টোল প্লাজা খোলার পর প্রথম দিকে মোটরসাইকেলের চাপ ছিল বেশি। কিন্তু, পরে বাস-মিনিবাস-প্রাইভেটকার ও ট্রাকের দীর্ঘ সারি হয়ে যায়। তবে, পদ্মা সেতু পার হওয়া ও দেখার জন্য উৎসুক জনতার সংখ্যাই বেশি।