যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে নতুন ছক কষছে ইরান

বিশ্বের অন্যতম প্রধান সংর্কীণ জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ বহাল রেখেছে ইরান। আবার ইরানকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে দেশটির উপকূলীয় বন্দরে আসা-যাওয়া করা সকল জাহাজের ওপর ওমান সাগরে অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র। উভয় পক্ষের পাল্টাপাল্টি অবরোধের কার্যত অচল হয়ে পড়ছে কৌশলগত নৌপথটি। এমতাবস্থায় ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা শঙ্কা তৈরি হয়েছে। পাল্টা জবাব দিতে প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে তেহরান।

ইতোমধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে দুটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নির্দেশে রণতরির সার্পোটিং হিসেবে মার্কিন নৌবাহিনী বহু জাহাজ মোতায়েন রয়েছে। চুক্তি সম্পাদিত না হওয়ায় ইরানে শঙ্কা যেভাবে তীব্র হচ্ছে, তেহরানও একইভাবে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। যদি যুক্তরাষ্ট্র পুনরায় আক্রমণ করে বসে, তাহলে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন জাহাজে আত্মঘাতী হামলা চালিয়ে ডুবিয়ে দেবে ইরান। এ জন্য সামুদ্রিক প্রাণী ডলফিনকে কাজে লাগাবে তারা।

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার ফলে সৃষ্ট আর্থিক সংকট একটি যুদ্ধাপরাধের শামিল। দেশটির কট্টরপন্থিরা পুনরায় সামরিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইরানি কর্মকর্তাদের ভাষ্যমতে, সেই সামরিক পদক্ষেপে এই অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন যুদ্ধজাহাজে আক্রমণ করার জন্য পূর্বে অব্যবহৃত অস্ত্র ব্যবহার করা হতে পারে। আর এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মাইন বহনকারী ডলফিনও।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইরানি শাসকগোষ্টী আত্মঘাতী যে ডলফিন মোতায়েনের কথা ভাবছে, এটাই প্রথমবার নয়। এর আগে ২০০০ সালে ইরান সোভিয়েত নৌবাহিনীর জন্য শিকার করতে প্রশিক্ষিত ডলফিন কিনেছিল। সে সময় বিবিসি এ খবর জানিয়েছিল।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাণীগুলোর পিঠে হারপুন বেঁধে ইসলামি প্রজাতন্ত্রের শত্রুদের আক্রমণ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। শত্রু জাহাজে মাইন বহন করে আত্মঘাতী হামলা চালানোর প্রশিক্ষণও তাদের দেওয়া হয়েছিল।

ওয়াল স্ট্রিট জার্নালের মতে, তেহরান ওই জলপথে সাবমেরিনও পাঠাতে পারে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) ইতোমধ্যে প্রণালিটির মধ্য দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ টেলিফোন ক্যাবলগুলো কেটে ফেলার হুমকি দিয়েছে। এতে করে বৈশ্বিক ইন্টারনেট যোগাযোগে বিঘ্ন ঘটিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

বার্লিনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এসডব্লিউপির মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ভিজিটিং ফেলো হামিদরেজা আজিজি বলেন, তেহরানে এই অবরোধকে যুদ্ধের বিকল্প হিসেবে নয়, বরং যুদ্ধেরই একটি ভিন্ন রূপ হিসেবে ক্রমবর্ধমানভাবে দেখা হচ্ছে। ফলস্বরূপ, ইরানের নীতিনির্ধারকরা শিগগিরই দীর্ঘস্থায়ী অবরোধ সহ্য করার চেয়ে নতুন করে সংঘাতে জড়ানোকে কম ব্যয়বহুল বলে মনে করতে পারেন।

আইআরজিসির নৌবাহিনী ইতোমধ্যে হরমুজ প্রণালিতে মাইন পেতে রেখেছে। ফলে এই জলপথ দিয়ে যাতায়াতে ইচ্ছুক বাণিজ্যিক জাহাজ কিংবা মার্কিন সামকির জাহাজও মাইন আতঙ্কে ভুগছে। ইরান এ-ও জানিয়েছে, সহসাই এই মাইন অপসারণ করা সম্ভব হবে না। এদিকে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নৌবাহিনীর সক্ষমতা স্বীকার করতে বাধ্য হয়েছেন। বলেছেন, ওই অঞ্চলের মধ্যে সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী হলো ইরানের।