যুক্তরাষ্ট্র সংঘাত বাড়ালে যুদ্ধের মানচিত্র বদলে দেওয়ার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও বাড়িয়ে তোলে, তবে ইরান যুদ্ধের পুরো পরিস্থিতি বা ‘মানচিত্র বদলে দেবে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র হোসেইন মোহেব্বি জানান, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি।’

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র লড়াইয়ের মাত্রা বাড়ালে ইরান তাদের অস্ত্র, সামরিক কৌশল এবং হামলার লক্ষ্যবস্তু পুরোপুরি বদলে ফেলবে। দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং এমন কিছু নতুন অস্ত্র ব্যবহার করা হবে যা আগে দেখা যায়নি।

এদিকে উত্তেজনার মধ্যেই ইরানের বিচার বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের হাতে আটক হওয়া মার্কিন ও ইসরাইলি জাহাজ এবং সেগুলোর মালামাল এখন ‘বিক্রির জন্য উন্মুক্ত’। এই বিক্রি থেকে পাওয়া অর্থ যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত বা প্রাণ হারানো পরিবারগুলোকে দান করা হবে বলে জানানো হয়েছে।
তবে ঠিক কতটি জাহাজ আটক করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।