রংপুরে দুই বাসের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৯

রংপুর যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ৪ জন।
এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন।

রোববার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের খারুভাজ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে খারুভাজ সেতু এলাকায় জোয়ানা পরিবহনের একটি বাসের সঙ্গে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ৫ জনের মরদেহসহ আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টা পর্যন্ত আরও চার জনের মৃত্যু হয়।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি ওসি।