রংপুর অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী দু’জনেই দগ্ধ হন

জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলায় অগ্নিকাণ্ডে খোকন মিয়া (৫০) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী জুঁই বেগম (৪৩)।
শনিবার (৩১ আগস্ট) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোকন মিয়ার মৃত্যু হয়।

তিনি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথের বাজার এলাকার মতিয়ার রহমান বাদশার ছেলে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) আমিরুল ইসলাম জানান, শুক্রবার (৩০ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে গ্যাসের লিকেজ থেকে ওই দম্পতির বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে স্বামী-স্ত্রী দু’জনেই দগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পরে আহত দম্পতিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে খোকন মিয়ার মৃত্যু হয়। স্ত্রী জুঁই বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) বাদ আছর নিজগ্রামে খোকন মিয়ার দাফনের প্রস্তুতি চলছে বলে জানান স্থানীয়রা।